বেপরোয়া গতির ট্রাকচাপায় প্রাণ গেলো ২ মাদরাসাছাত্রের

আপডেট : ০৩ জুন ২০২১, ১২:১৯

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বেপরোয়া গতির ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদরাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে গাজী মো. আশকার (১০) ও একই ওয়ার্ডের শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদরাসার ছাত্র। নিহতরা সম্পর্কে মামা ও ভাগিনা।

No description available.

কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, সকালে মনিরুজ্জামান কোরাইশি ইফাস (২৩) তার ভাই আশকার ও ভাতিজা মিনহাজুল ইসলামকে মোটরসাইকেলে পৌঁছে দিতে দারুল আকরাম মাদ্রাসায় যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভার শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই মাদরাসাছাত্র নিহত হয় এবং মোটরসাইকেল চালক মো. মনিরুজ্জামান আহত হয়।

তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মনিরুজ্জামানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমআর