বাজেটে ব্যবসায়ীদের জন্য থাকছে ছাড়

আপডেট : ০৩ জুন ২০২১, ১৪:২৫

করোনার মধ্যে দ্বিতীয় বাজেট পেশ হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শিরোনামে এই বাজেটে ব্যবসায়ীদের জন্য থাকছে ভালো খবর। 

করোনা ভাইরাস মহমারির ধাক্কা কাটিয়ে ব্যবসা-বাণিজ্য চাঙা রাখতে নানা ধরনের কর ছাড় দেওয়া হচ্ছে এবারের বাজেটে। এরই প্রেক্ষিতে শুল্ক-করে তুলনামূলক বেশি ছাড় থাকছে। অন্যদিকে করপোরেট করে বড় ছাড় আসছে। 

যেসব কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত নয় তাদের করহার আড়াই শতাংশ কমিয়ে ৩০ শতাংশ করা হতে পারে। তবে তালিকাভুক্ত কোম্পানির করহারও আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ২২ শতাংশ হতে পারে। এ ছাড়া একক ব্যক্তির কোম্পানির করহার ২৫ শতাংশ নির্ধারণ করা হচ্ছে বাজেটে।

 

অন্যদিকে মোবাইল ফোন অপারেটর, সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠান, ব্যাংক-এসব খাতের উচ্চ করপোরেট করহারে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে রূপান্তরিত নারী-পুরুষ, বেদে, আদিবাসীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে নির্দিষ্ট পরিমাণ (কমপক্ষে ১০০ জন বা জনবলের ৫ শতাংশ) কর্মী নিয়োগ করলে করপোরেট করে ৫ শতাংশ ছাড় দেওয়া হতে পারে।

এবারের বাজেটে কালোটাকার সুযোগ সীমিত করা হচ্ছে। শেয়ারবাজার, জমি, নগদ টাকা, এফডিআর-সঞ্চয়পত্রে রাখা টাকাসহ ঢালাও কালোটাকার সুযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে। 

তবে ফ্ল্যাট কেনার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে বিনিয়োগে কালোটাকার সুযোগ অব্যাহত থাকবে। তবে ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা আগের মতোই তিন লাখ টাকা থাকছে।

ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের জন্য ভালো খবর থাকবে। বর্তমানে নারী-পুরুষনির্বিশেষ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকার কম হলে কোনো কর দিতে হয় না। নারী উদ্যোক্তাদের জন্য এই সীমা ৭০ লাখ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে।

জাতীয় সংসদে আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।  দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। যার আকার দাঁড়াচ্ছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।

জাতীয় সংসদে বাজেট পেশ আজ

জাতীয় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট।  বৃহস্পতিবার দুপুর ৩টায় বাজেট বক্তৃতা শুরু করবেন তিনি।

এ পর্যন্ত সর্বমোট ৪৯টি বাজেট উত্থাপন করেছেন ১২ জন ব্যক্তি। তাদের মধ্যে একজন রাষ্ট্রপতি, ৯ জন অর্থমন্ত্রী ও দুজন অর্থ উপদেষ্টা। ব্যক্তি হিসেবে সবচেয়ে বেশি ১২টি করে বাজেট উত্থাপন করেছেন প্রয়াত এম সাইফুর রহমান এবং আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগের হয়ে রেকর্ড টানা ১০টি বাজেট উপস্থাপন করেন।

অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd-এ বাজেটের সব তথ্যাদি ও গুরুত্বপূর্ণ দলিল যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পাঠ ও ডাউনলোড করতে পারবে।

 

ইত্তেফাক/এএএম