আফ্রিকায় চীনা প্রকল্পের কারণে হুমকিতে পরিবেশ

আপডেট : ০৩ জুন ২০২১, ১২:৫২

ওয়ান বেল্ট, ওয়ান রোড (বিআরআই) উদ্যোগের আওতায় আফ্রিকা মহাদেশে ডজনেরও বেশি প্রকল্প বাস্তবায়ন করছে চীন। এগুলোর বেশিরভাগই পরিবেশবিদদের ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। তাদের দাবি, এগুলোর ফলে বাস্তুতন্ত্র হুমকির মুখে পড়েছে।

বুধবার (২ জুন) এসব জানিয়েছে দ্য সিঙ্গাপুর পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গিনির সিমানদো পার্বত্য অঞ্চলে খনিজ লোহার ওপর বিনিয়োগের পরিকল্পনা করেছে চীন। বিরোধীরা বলছেন, এটি জীবনযাত্রা ধ্বংস করবে। ঘানায় ২০০ কোটি ডলার বিনিয়োগ হচ্ছে বক্সাইটে। চীনের রাষ্ট্রীয় মালিকাধীন সিনোহাইড্রো কর্প এটি করছে। এই প্রকল্পও পরিবেশ ও মানুষের জন্য হুমকিস্বরূপ। 

ডিউক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ফেলো এলিজাবেথ লোসোস নিশ্চিত করেছেন যে আফ্রিকায় চীনা অর্থায়নের কিছু প্রকল্প পরিবেশের ব্যাপক ক্ষতি করেছে। তিনি জানান, এর মধ্যে অনেক ক্ষেত্রে প্রাথমিক পরামর্শ এবং পরিকল্পনার মাধ্যমে এই বিপর্যয়গুলি এড়াতে যেতে পারত।

লোসোস আরো জানান, ঘানায় সিনোহাইড্রো যে চুক্তি করেছে তাতে খাবার পানি, কৃষকদের জীবিকা বা প্রাকৃতিক সম্পদের ক্ষতি না করে কতটুকু বক্সাইট উত্তোলন করা যাবে তা মূল্যায়ন করা হয়নি। 

২০১৯ সালে লামুতে একটি কয়লাচালিত শক্তিকেন্দ্রের কাজ আটকে দেয় কেনিয়ার আদালত। এই প্রকল্পে জাতিসংঘের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ক্ষতিগ্রস্ত হবে বলে আবেদন করেছিলেন একটিভিস্টরা। এই প্রকল্পের অর্থায়নে ছিল চীনের একটি ব্যাংক।

এদিকে  আফ্রিকা এবং তৃতীয় বিশ্বের দেশগুলোকে বেশি চীনা ঋণের ভয়াবহতা নিয়ে ক্রমাগত সতর্ক করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এটি বলছে, চীনা ঋণদাতারা কিছুক্ষেত্রে অস্থিতিশীলতা বা দুর্বলতা তৈরি করে।

ইত্তেফাক/এসএ