ইতিহাস গড়লেন বাংলাদেশের নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ। তার পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছে কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে। বাংলাদেশি কোনো ছবির এমন অর্জন এটাই প্রথম। ফলে এর পোস্টারে শোভা পাবে কানের সম্মানজনক লোগো।
‘রেহানা মরিয়ম নূর’ রয়েছে আঁ সার্তে রিগা বিভাগে। কানের মূল প্রতিযোগিতা বিভাগের পরেই এটি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের কোনো ছবি এবারই প্রথম এতে জায়গা করে নিলো। ফলে কানসৈকতে প্রথমবার উড়তে যাচ্ছে লাল-সবুজ পতাকা!
Suivez l'annonce de la Sélection officielle du 74e Festival de Cannes par Thierry Frémaux et Pierre Lescure. #Cannes2021 https://t.co/QllB67fysr
— Festival de Cannes (@Festival_Cannes) June 3, 2021
ফ্রান্সের রাজধানী প্যারিসের ইউজিসি নর্ম্যান্ডি প্রেক্ষাগৃহে বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টায় কান উৎসবের ৭৪তম আসরের অফিসিয়াল সিলেকশন ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি পিয়ার লেসকিউর। সংবাদ সম্মেলনটি সরাসরি দেখানো হয় কানের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব, ফেসবুক, টুইটার ও ডেইলি মোশন অ্যাকাউন্টে।
‘রেহানা মরিয়ম নূর’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। তিনি ইত্তেফাককে বলেছেন, ‘এই অর্জন গোটা বাংলাদেশের।’
** আবদুল্লাহ মোহাম্মদ সাদ (ছবি: সংগৃহীত)
আয়োজকদের ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দনে সিক্ত হচ্ছেন আবদুল্লাহ মোহাম্মদ সাদ। নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘কী দারুণ খবর! ভালোবাসা রইলো সাদ।’ তার স্ট্যাটাস শেয়ার দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
আশফাক নিপুণের কথায়, ‘বাংলাদেশি চলচ্চিত্র ও বাংলাদেশের জন্য কী অসাধারণ দিন! সাদ ও তার ছবির সদস্যদের জন্য অনেক অভিনন্দন। আপনারা আমাদের গর্বিত করেছেন।’
নূহাশ হুমায়ূন লিখেছেন, ‘বাংলা ভাষার ছবির জন্য এটি অবিস্মরণীয় খবর। এমন চমৎকার ব্যাপারের জন্য বাংলাদেশি হিসেবে গর্ব হচ্ছে।’

আবদুল্লাহ মোহাম্মদ সাদের দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’। এর চিত্রনাট্য ও সম্পাদনা তারই। প্রাইভেট মেডিকেল কলেজের শিক্ষক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করেই এর গল্প। রেহানা একজন মা, মেয়ে, বোন ও শিক্ষক হিসেবে জটিল জীবনযাপন করে। এক সন্ধ্যায় কলেজ থেকে বেরোনোর সময় রেহানা একটি অপ্রত্যাশিত ঘটনার সাক্ষী হয়। এরপর থেকে সে এক ছাত্রীর পক্ষ হয়ে সহকর্মী এক শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়ে ঘটনার প্রতিবাদ জানাতে শুরু করেন এবং ক্রমে একরোখা হয়ে ওঠেন। কিন্তু একই সময়ে তার ৬ বছর বয়সী মেয়ের বিরুদ্ধে স্কুল থেকে রূঢ় আচরণের অভিযোগ ওঠে। এমন অবস্থায় অনড় রেহানা তথাকথিত নিয়মের বাইরে থেকে সেই ছাত্রী ও তাঁর সন্তানের জন্য ন্যায়বিচারের খোঁজ করতে থাকেন।
১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির ছবিটিতে আরও অভিনয় করেছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।
২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ ছিলো আবদুল্লাহ মোহাম্মদ সাদের প্রথম কাহিনিচিত্র। তার দ্বিতীয় ছবি ‘রেহানা মরিয়ম নূর’ তৈরি হয়েছে পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে। এটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া। ছবিটি সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রডাকশন। নির্বাহী প্রযোজক হিসেবে এহসানুল হক বাবু এবং সহ-প্রযোজনায় আছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার। ছবিটির চিত্রগ্রহণ করেছেন তুহিন তমিজুল। এছাড়া পোশাক পরিকল্পনায় নাবিলা হক, শিল্প নির্দেশনায় মাসুম মেহেদি ও সাউন্ড ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেছেন শৈব তালুকদার।
রাজীব মহাজন জানিয়েছেন, ‘রেহানা মরিয়ম নূর’ ছবির আন্তর্জাতিক পরিবেশনার জন্য পরিচালক-প্রযোজকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে জার্মান ভিত্তিক প্রতিষ্ঠান ফিল্মস বুটিক।
দক্ষিণ ফ্রান্সের সাগরপাড়ের শহর কানের পালে দে ফেস্টিভাল ভবনে আগামী ৬ জুলাই উৎসবের পর্দা উঠবে। সাধারণত ভবনটির সাল দুবুসি প্রেক্ষাগৃহে আঁ সার্তে রিগা বিভাগের ছবিগুলোর প্রদর্শনী হয়ে থাকে। আগামী ১৭ জুলাই সমাপনী আয়োজনে স্বর্ণ পাম বিজয়ী ছবির নাম ঘোষণা করবেন মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের সভাপতি স্পাইক লি।
২০০২ সালের ৫৫তম কান চলচ্চিত্র উৎসবের প্যারালাল বিভাগ ডিরেক্টর’স ফোর্টনাইটে নির্বাচিত হয় প্রয়াত নির্মাতা তারেক মাসুদের ‘মাটির ময়না’। শুধু তাই নয়, ফিপরেস্কিতে সেরা চলচ্চিত্র হয়েছে এটি। কানে বাংলাদেশের পাওয়া একমাত্র পুরস্কার এটাই।
ইত্তেফাক/জেএইচ
