মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ সালে বিজয় অর্জনের মধ্য দিয়ে মানচিত্র পায় বাংলাদেশ। স্বাধীন সার্বভৌম দেশের প্রথম বাজেট ঘোষিত হয় ১৯৭২ সালের ৩০ জুন। ১৯৭২-৭৩ অর্থবছরে স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ। সেই ঐতিহাসিক ঘটনার ৫০ বছর হয়ে গেলো।
দেশের প্রথম বাজেটের পরিমাণ ছিল ৭৮৬ কোটি টাকা। স্বাধীনতার ৫০ বছরে এর আকার দাঁড়িয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেটের আকার বেড়ে হয়েছে ৭৬৭ গুণ।
![]()
আজ (৩ জুন) জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এটি বাংলাদেশের ৫০তম বাজেট। বর্তমান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ নিয়ে তৃতীয়বার বাজেট উপস্থাপন করেছেন।
![]()
তাজউদ্দীন আহমদ অর্থমন্ত্রী থাকাকালীন ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, এবং ১৯৭৪-৭৫ অর্থবছরের মোট তিনটি বাজেট পেশ করেন। সেসব বছরে বাজেটে বরাদ্দ ছিল যথাক্রমে ৭৮৬ কোটি টাকা, ৯৯৫ কোটি টাকা, এবং ১ হাজার ৮৪ দশমিক ৩৭ কোটি টাকা।
তাজউদ্দীন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থনীতিবিদ ছিলেন তিনি।
![]()
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাকে গৃহবন্দি করা হয়। পরে ২৩ আগস্ট তাকে গ্রেফতার করে রাখা হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। সেখানে ১৯৭৫ সালের ৩ নভেম্বর বন্দি অবস্থায় হত্যা করা হয় এই মহান নেতাকে।
ইত্তেফাক/জেএইচ/এনএসএন
