ওমানে করোনায় প্রাণ গেলো রাউজানের দুই ভাইয়ের

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:২৩

করোনায় আক্রান্ত হয়ে একঘণ্টার ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশ ওমান প্রবাসী দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। মৃত এই দুই ভাই হলেন- রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আব্দুল আলীর বাড়ির মৃত সুলতান আহমদ প্রকাশ মাহবুবের বড় পুত্র মো. আবুল কালাম (৬০) ও ৩য় পুত্র আবুল কাসেম (৫০)।

বৃহস্পতিবার (৩ জুন) বাংলাদেশ সময় সকাল ৭ টায় ও ৮টায় ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতদ্বয়ের ছোট ভাই মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২'র সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ আক্কাছ উদ্দিন মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা যায়, ওমানে থাকাকালীন অবস্থায় গত ঈদের দিন তাদের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর ওমানের একটি হাসপাতালে তাদেরকে ভর্তি করা হলে সেখানে দীর্ঘ ২১ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার তারা মারা যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী দৈনিক ইত্তেফাককে বলেন, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হওয়ায় তাদের লাশ দেশের আসা হবে না। সেখানে দাফন-কাফন সম্পন্ন করা হবে।

পরিবারের সূত্রে জানা যায়, আবুল কালাম মৃত্যুকালে দুই পুত্র ও এক কন্যা সন্তান রেখে যান এবং তার ছোট ভাই আবুল কাসেম মৃত্যুকালে তিন কন্যা সন্তান রেখে যান। দুই সহোদরের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
ইত্তেফাক/এমএএম