এটা আমাদের সবার অর্জন :বাঁধন

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:০৯

মাত্র কিছুদিন আগেই এক ইন্টারভিউতে নির্মাতা অমিতাভ রেজা বলছিলেন, ‘এ সময় এদেশের সবচেয়ে মেধাবী নির্মাতা হলেন আব্দুল্লাহ মোহম্মদ সাদ। তার হাত ধরেই এই অতিমারির সময় দেশীয় চলচ্চিত্রে দারুণ এক সুখবর এলো। বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ আসর কান-এর ৭৪তম আসরে অফিসিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে আব্দুল্লাহ মোহম্মাদ সাদ নির্মিত ‘রেহানা মরিয়ম নূর’ নামের চলচ্চিত্রটি। গতকাল উত্সব কর্তৃপক্ষ আনুষ্ঠানিক এই ঘোষণা দিয়েছে। একেবারেই প্রচারবিমুখ নিভৃতচারী এই তরুণ নির্মাতা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন না বলে জানালেন তার সহকর্মী নির্মাতা। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। কান ছবিটির অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন বলেন, ‘এটা আমার না আমাদের সবার অর্জন। পুরো বাংলাদেশের জন্য বড় একটা পাওয়া। এমন সংবাদ আমাদের স্বপ্ন দেখাতে শেখায়। আমি কতটা আনন্দিত সেটা বোঝাতে পারবো না। অনেক শ্রম দিয়েছি এই চলচ্চিত্রটির জন্য। আমাদের সবার সেই কষ্ট সার্থক হয়েছে এই নির্বাচনের মাধ্যমে।’

আব্দুল্লাহ মোহম্মাদ সাদ ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। ‘রেহানা মরিয়ম নূর’ তার দ্বিতীয় নির্মাণ।

উল্লেখ্য, আগামী ৬ জুলাই থেকে ফ্রান্সে বসছে কান চলচ্চিত্র উত্সব। এর আগে ২০০২ সালে কান উত্সবে বাংলাদেশের মুখ প্রথমবারের উজ্জ্বল করেছিলেন তারেক মাসুদ। সে বছর তার ‘মাটির ময়না’ ছবিটি ডিরেক্টরস ফোর্টনাইট বিভাগের জন্য নির্বাচিত হয়েছিল।