করোনার মাঝেও দারুণ এক সফল সময় পার করছেন সংগীতশিল্পী টেইলর সুইফট। নিজের নতুন অ্যালবাম প্রকাশ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও বেশ খোশমেজাজে আছেন তিনি। তার শেষ প্রকাশিত অ্যালবামটির সফলতাও ছিল বলার মতো। সেই সফলতার রেশ কাটতে না কাটতেই নতুন খবরের শিরোনাম হয়ে হাজির হলেন তার ভক্তদের সামনে। দীর্ঘ বিরতীর পর আবারো সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন সুইফট। ডেভিড ও রাসেলের এই সিনেমাটিতে তার সঙ্গে দেখা যাবে একঝাঁক তারকাকে। তাদের মাঝে রয়েছেন মার্গট রবি, ক্রিশ্চান বেল, জন ডেভিড, রামি মালেক, জো সালডানা, আনিয়া টেলর-জয়, ক্রিস রক, মাইক মাইয়ার্স, রবার্ট ডি নিরো, মাইকেল শ্যানন ও টিমোথি অলিফ্যান্টের মতো তারকারা। জানা গেছে, নিউ রেজেন্সির প্রযোজনায় আসন্ন সিনেমাটির নাম এখনো চূড়ান্ত করা হয়নি। সিনেমাটির চমক বাড়াতে আপাতত গল্প, চরিত্র, শিরোনামসহ অন্যান্য অনেক বিষয়ই গোপন রাখতে চাচ্ছেন পরিচালক। পাশাপাশি ডিজনির সঙ্গে কথা পাকাপোক্ত করেই সিনেমাটির মুক্তির তারিখ জানাবেন তিনি। তবে এত গোপনীয়তার মাঝেও জানা গেছে সিনেমাটিতে ভিন্ন এক চমক নিয়ে হাজির হবেন টেইলর সুইফট।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালে ভ্যালেন্টাইনস ডে’ সিনেমাটির মাধ্যমে সিনেপর্দায় যাত্রা শুরু করেন টেইলর। সিনেমাটি দর্শকমহলে বেশ প্রশংসিত হয়। এরপর থেকেই ভক্তদের অপেক্ষা চলছিল আবার কবে সিনেমায় দেখবে তাদের পছন্দের শিল্পীকে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে!
