ভারতে কয়েক দিন ধরে করোনার সংক্রমণ কিছুটা কমলেও আবার তা বেড়েছে। বুধবার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় লাখের কম সংক্রমণ হয়েছে এবং মারা গেছে আরো প্রায় ৩ হাজার মানুষ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এদিন আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩৪ হাজার। একই সময়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮। একই সময়ে মারা গেছে ৩ হাজার ২০৭ জন। অর্থাত্ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্য কমেছে। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে এতে এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন। গত দুই দিনে দৈনিক সংক্রমণ কিছুটা বেড়েছে; কিন্তু যে পরিমাণ মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে তার থেকে অনেক বেশি সুস্থ হয়ে উঠছেন। ফলে সক্রিয় রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ১৩ হাজার ৪১৩। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে সাড়ে ২১ লাখের বেশি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা সংক্রমণের হার ৬ দশমিক ২১ শতাংশ। যা গত দুই দিনের চেয়ে কম।
