একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু!

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৪৭

ফেরদৌসী ও জান্নাতি (৬) নামে দুই যমজ বোনের পানিতে ডুবে মারা  যাওয়ার ঘটনা ঘটেছে। মৃত্যুর দিনই (৩ জুন) তাদের বয়স ৬ বছর হয়েছে। যেদিন তাদের জন্ম হলো আবার একইদিনে পৃথিবী ছেড়ে চলে গেলো। 

যমজ দুই কন্যাকে হারিয়ে বাবা রাজেকুল ও মা মাহফুজা পাগলপ্রায় হয়ে গেছেন। শোক ছড়িয়ে পড়েছে গ্রামজুড়ে। নাটোরের গুরুদাপসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের দস্তাননগর গ্রামে বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে শিশু দুটির মৃত্যুর হয়েছে।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর দেড়টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই ওই দুই শিশু মারা গেছে। নিহত শিশু দুটি ভ্যানচালক রাজেকুল ও মাহফুজা দম্পতির মেয়ে। দস্তাননগর গ্রামেই তাদের বাড়ি।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মেয়ে দুটি অন্য সহপাঠীদের সাথে খেলা করছিল। খেলার ছলে কখন যে পানিতে ডুবে গেছে, তা কেউ জানেন না। শিশুর খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে প্রতিবেশী একজন বাড়ির পাশের ডোবায় শিশু দুটির লাশ ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় ডোবা থেকে শিশু দুটির নিথর দেহ উদ্ধার করা হয়।

নিহত জান্নাতি ও ফেরদৌসীর মা বিলাপ করতে করতে বলেন, ছয় বছর আগে তাদের ঘর আলো যমজ দুই কন্যা জন্মেছিল। ছয় বছর পর আবার ঘর অন্ধকার করে তাদের মেয়ে দুটি চলে গেল।
ইত্তেফাক/এমএএম