করোনা ভাইরাসের এই সময়ে মাস্ক ব্যবহার আবশ্যক। সার্জিক্যাল বা ঘরে তৈরি মাস্ক যেটাই ব্যবহার করা হোক না কেন তা যেন নাক ও মুখ সম্পূর্ণভাবে ঢাকে সেদিকে খেয়াল রাখতে হবে। শুধু মুখ ঢাকে এমন মাস্ক ব্যবহার করলে জীবাণু নাকের মধ্য দিয়ে প্রবেশ করতে পারে। এছাড়াও মাস্ক মাপমতো না হলে তা সঠিক সুরক্ষা দিতে পারবে না। তাই নাক ও মুখ ঢাকে এমন মাপমতো মাস্ক ব্যবহার করা উচিত। অনেকে আবার মাস্ক ব্যবহারে ভুল করেন। তা হলো ভুল সময়ে মাস্ক খুলে ফেলা। ঘর থেকে বাইরে যাওয়ার আগে নিজের পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত। তাহলে হাত থেকে মাস্কে জীবাণু যাওয়ার ঝুঁকি থাকবে না। একইভাবে বাসায় ফিরেই মাস্ক খুলে ফেলা যাবে না। প্রথমে হাত ভালোভাবে পরিষ্কার করে মাস্কের ফিতা ধরে খুলতে হবে। মনে রাখতে হবে, প্রতিবার মাস্ক ব্যবহার করার পরে হাত সাবান-পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে যাতে জীবাণুনাশ হয়। অতঃপর মাস্ক ব্যবহার করে কথা বলাটা বেশ ঝামেলাজনক। করোনাভাইরাস শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও ছড়াতে পারে। অসুস্থ কোনো ব্যক্তির সঙ্গে কথা বললে এর ঝুঁকি বেড়ে যায়। তাই মাস্ক পরেই সবার সঙ্গে কথা বলা উচিত। আমরা সবাই মাস্ক ব্যবহার করি। কিন্তু উল্লিখিত বিষয়গুলো গুরুত্ব না দেওয়ায় ফলপ্রসূ হচ্ছে না। তাই করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে নিয়ম মেনে মাস্ক ব্যবহার করা জরুরি।
মুহাম্মদ মিযানুর রহমান
নাজিরপুর, পিরোজপুর
