বরিশালে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)। বরিশাল জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল।
উদ্বোধনী দিনে বালক গ্রুপে বাবুগঞ্জ উপজেলা ২-১ গোলে বানারীপাড়া উপজেলাকে হারায়। বালিকা গ্রুপে বাকেরগঞ্জ উপজেলা ৩-০ গোলে হিজলা উপজেলাকে হারায়। ৮ জুন ফাইনাল।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, জেলা পুলিশ সুপার মো. মারুফ হাসান এবং বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক আলমগীর খান আলোসহ অন্যরা উপস্থিত ছিলেন।
