এক সপ্তাহের বিশ্রামে লিটন

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫০

আন্তর্জাতিক ক্রিকেটে ছিলেন রান খরায়। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশের একাদশ থেকেই বাদ পড়েছিলেন লিটন দাস। ঘরোয়া ক্রিকেট দিয়ে তার ফর্মে ফেরার আশায় ছিলেন সবাই। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আবাহনী শিবিরে আছেন লিটন। কিন্তু লিগে আবাহনী দুই ম্যাচ খেলে ফেললেও একাদশে ডানহাতি এ উইকেটকিপার-ব্যাটসম্যানের দেখা নেই।

জানা গেছে, কবজির ব্যথায় ভুগছেন লিটন। তাকে এক সপ্তাহের বিশ্রাম দিয়েছে বিসিবির মেডিক্যাল বিভাগ। গতকাল বিসিবির প্রধান চিকিত্সক দেবাশীষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তাই লিটনকে ছাড়াই খেলে যাচ্ছে আবাহনী। ঘরোয়া ক্রিকেটে বরাবরই ধারাবাহিক লিটন। এবার ইনজুরির কারণে এখনো মাঠেই নামতে পারছেন না তিনি। ব্যথা কাটিয়ে উঠতে পারলে আগামীকাল ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে আবাহনীর একাদশে দেখা যেতে পারে লিটনকে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়।