সাদা পোশাকে এমন রঙিন অভিষেক কত জনের ভাগ্যে জোটে! লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকেই ইতিহাস গড়েছেন ডেভন কনওয়ে। গতকাল নিউজিল্যান্ডের এ ওপেনার ডাবল সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ও বিশ্ব ক্রিকেটের সপ্তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছেন কনওয়ে। মার্ক উডকে ছক্কা মেরে মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে ডাবল সেঞ্চুরির পরপরই দুর্ভাগ্যজনকভাবে রানআউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন কনওয়ে। ৩৪৭ বলে ২২টি চার ও একটি ছক্কায় ২০০ রান করেছেন তিনি। এর আগে কিউইদের হয়ে টেস্টে অভিষেকেই ডাবল সেঞ্চুরি ছিল ম্যাথু সিনক্লেয়ারের। তবে ১৪ রানের জন্য সিনক্লেয়ারের পেছনে থেকে গেলেন কনওয়ে।
