যান্ত্রিক ত্রুটিতে বিকল আটটি লিফট

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৩

১ হাজার শয্যাবিশিষ্ট রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ১৫টি লিফটের মধ্যে আটটি বিকল হয়ে পড়ে আছে। রোগীরা এতে চরম ভোগান্তিতে পড়েছেন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনে ১৩টি ও নতুন ভবনে দুইটি লিফট রয়েছে। এর মধ্যে পুরাতন ভবনের ১৩টি লিফটের মধ্যে সাতটি ও নতুন ভবনের দুইটি লিফটের মধ্যে একটি লিফট বিকল হয়ে পড়ে আছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বর্তমানে যে সাতটি লিফট চালু আছে সেগুলোর অবস্থাও জরাজীর্ণ। অন্যদিকে চালু সাতটি লিফটের বেশির ভাগেরই নেই কল সুইচ। এতে বিভিন্ন ফ্লোরে লিফটের সামনে ওঠানামার জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোগীদের। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন জরুরি বিভাগের রোগীরা। অনেক সময় ওঠানামার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে দীর্ঘক্ষণ। এদিকে চালু লিফটের সংখ্যা কম থাকায় এগুলোর ওপর চাপ পড়েছে। সবচেয়ে বেহাল পুরাতন ভবনের ৪ নম্বর লিফটের বাইরে ও ভেতরে কোনো ধরনের কল সুইচ নেই। এতে অনেক সময়  ভেতরে আটকা পড়ছে রোগীসহ অনেকেই। বুধবার ৪ নম্বর লিফটের ভেতরে আটকে পড়া রোগীর এক আত্মীয় সরকার মুকিত বলেন, ‘আমি চার তলায় খোলা পেয়ে লিফটে উঠি। ওঠার পরে লিফটের দরজা বন্ধ হয়ে যায়। নিচে নামার জন্য সুইচ চাপ দিতে গেলে দেখি সবকটি সুইচ ভাঙা। অনেকক্ষণ চেষ্টা করার পরেও লিফটটি খুলছিল না। এরপর একজন এসে বাইরে থেকে কল সুইচটি চাপলে লিফটটি খোলে, আমি দ্রুত নেমে পড়ি।’ এ ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজের উপসহকারী প্রকৌশলী রিংকু জানান, কয়েকটি লিফট বিকল হওয়ায় বাকিগুলোর ওপরে চাপ পড়েছে। বিকল লিফটগুলো সরিয়ে দ্রুত তিনটি নতুন লিফট স্থাপন করাসহ চলতি লিফটগুলো সংস্কার করা হবে।