মুক্তাগাছায় নির্মাণকাজ শেষ করে বিল উত্তোলনের দুই সপ্তাহের মধ্যেই একটি কালভার্টের ঢালাই খসে পড়েছে। বেরিয়ে পড়েছে রড। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জানা যায়, গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে উপজেলার ৩ নম্বর তারাটি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় নির্মাণ করা কালভার্টে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, স্থানীয় সরকার সাপোর্ট প্রকল্প-৩ (লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট) এর আওতায় তারাটি ইউনিয়ন পরিষদ অফিস কার্যালয় থেকে দামাবিল পর্যন্ত সড়কটিতে প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে কালভার্টটি নির্মাণ করা হয়। কালভার্টটি নির্মাণ শেষে স্থানীয়রা পারাপার হতে গেলে রড থেকে ঢালাই ভেঙে নিচে পড়তে দেখেন। এক পর্যায়ে ধুলার মত পুরো ঢালাই পড়ে যায়। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানান, কালভার্টটি দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য ঠিকাদারকে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লা আল মনসুর জানান, এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
