করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধিতে চাঁপাইনবাবগঞ্জে দ্বিতীয় দফা সাত দিনের বিশেষ লকডাউন চলছে। আর এ লকডাউনে ঘরবন্দি মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় বিভিন্ন এনজিওর গৃহীত ঋণের কিস্তি আদায় বন্ধ করতে প্রজ্ঞাপন জারি করেছে জেলা প্রশাসন। গত বুধবার সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষরিত এক স্মারকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় বর্তমানে করোনা ভাইরাস সংক্রমণের হার আশংকাজনকভাবে বেড়ে যাওয়ায় বিধিনিষেধ আরোপের ফলে সাধারণ মানুষ অতিকষ্টে জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে এনজিও কর্তৃপক্ষ (সব) তাদের প্রদানকৃত ঋণের কিস্তি আদায় করতে পারবে না মর্মে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক নির্দেশনা প্রদান করেছেন।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। আদেশ অমান্য করে যদি কোনো এনজিও কর্তৃপক্ষ ঋণের কিস্তি আদায় করে ঐ এনজিও প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
