বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মাদ্রাসা ছাত্রসহ সাত জনের মৃত্যু হয়েছে। বুধ ও বৃহস্পতিবার এসব পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :
তিতাস (কুমিল্লা) : তিতাসে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় গৌরীপুর-হোমনা সড়কের শিকদার রোড মোড়ে সিএনজি ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুই জন মত্স্যজীবীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো চার জন। নিহতরা হলেন : শারীরিক প্রতিবন্ধী নারায়ণ দাস (৪২) ও লক্ষণ চন্দ্র দাস (৪৫)। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, পিকআপ ভ্যান ও সিএনজি উদ্ধার করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) : কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বসুরহাট পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডস্থ শিমুলতলী মোহাম্মদীয়া ফোরকানীয়া মাদ্রাসার সামনে বসুরহাট টু পেশকার হাট রাস্তার মাথা পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো : চরকাঁকরা ৬ নম্বর ওয়ার্ডের কামরুজ্জামান শাহানুরের ছেলে গাজী মো. আশকার (১০) ও শহীদুল ইসলামের ছেলে মিনহাজুল ইসলাম (৮)। তারা স্থানীয় দারুল আকরাম মাদ্রাসার ছাত্র। সম্পর্কে মামা ও ভাগনে। কোম্পানীগঞ্জ থানার এসআই মো. নিজাম উদ্দিন বলেন, ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
শিবচর (মাদারীপুর) : শিবচরে ইউপি নির্বাচনের প্রচারণাকালে সড়ক দুর্ঘটনায় হাসান সিকদার (১৫) নামের এক কিশোর মারা গেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় পাঁচ্চর-শিবচর আঞ্চলিক সড়কের মিয়াবাড়ির কাছে এ দুর্ঘটনা ঘটে। ভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত হাসান উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহেরচর এলাকার বাচ্চু সিকদারের ছেলে। এ সময় আহত হয়েছে ভ্যানের আরো তিন যাত্রী। শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বরিশাল: নগরীর কাশিপুরে বিআরটিসি বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এবিএম জসিম উদ্দীন (৩৭) নামে এক জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সে পটুয়াখালী জেলার তেলিখালি এলাকার বাসিন্দা। বরিশাল এয়ারপোর্ট থানার এসআই আলমগীর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ শেবাচিম হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ-জামালপুর মহাসড়কে বকশীগঞ্জের পাখিমারা নামক স্থানে মালবোঝাই ট্রলি উলটে নিচে চাপা পড়ে চালক সুলতান মিয়ার মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার সময় এই দুর্ঘটনা ঘটে। বকশীগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নয়ন দাস জানান, হাইওয়ে পুলিশ সুলতান মিয়ার লাশ উদ্ধার ও ট্রলিটি জব্দ করেছে।
