রাবিতে বিভিন্ন বর্ষের পরীক্ষা শুরুর সিদ্ধান্ত

আপডেট : ০৩ জুন ২০২১, ২১:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় সভাপতি ও ইনস্টিটিউট পরিচালকদের অংশগ্রহণে এক ভার্চুয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. আজিজুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ দায়িত্বে নিজ নিজ বিভাগ থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে হবে। মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়, রাবির বিভিন্ন বিভাগ তাদের ২০১৯ সালের স্থগিত পরীক্ষাসমূহ আগামী ২০ জুনের পর থেকে সশরীরে শুরু করতে পারবে। পরীক্ষা শুরুর তারিখ বিভাগীয় একাডেমিক কমিটি নির্ধারণ করবে। এছাড়া বিভাগসমূহ ২০২০ সালের যে কোনো একটি বর্ষের/সেমিস্টারের পরীক্ষার কার্যক্রম অনলাইনে ক্লাস শেষ হওয়া সাপেক্ষে আগামী ৪ জুলাই থেকে সশরীরে শুরু করতে পারবে। কোন বর্ষের পরীক্ষা শুরু হবে তা বিভাগীয় একাডেমিক কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। পর্যায়ক্রমে ২০২০ সালের বাকি বর্ষগুলোর পরীক্ষা শুরু হবে।