কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ২০২১-২২ অর্থবছরের জন্য ৮৩ কোটি ৬৪ লাখ ২৯ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র আবদুল কাদের মির্জা। বৃহস্পতিবার বিকালে পৌরসভায় নিজ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন তিনি। বাজেটে রাজস্ব আয় প্রস্তাব করা হয়েছে ২৩ কোটি ৬৯ লাখ ৯০ হাজার টাকা, উন্নয়ন অনুদান সাড়ে ৫৫ কোটি টাকা, মূলধন হিসাব ২ কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৮৪৮ টাকা ও প্রারম্ভিক জের ধরা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৪৩ হাজার ৫৪৫ টাকা। এছাড়া ব্যয়ের খাতে রাজস্ব ব্যয় ২২ কোটি ৪৩ লাখ ৮৪ হাজার ৬৯৬ টাকা, উন্নয়ন ব্যয় সাড়ে ৫৫ কোটি টাকা, মূলধন ব্যয় ২ কোটি ৯০ লাখ ৯৫ হাজার ৫৪৮ টাকা, সমাপনী জের ধরা হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৪৮ হাজার ৮৪৯ টাকা। বাজেট ঘোষণার পূর্বে মেয়র কাদের মির্জা বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে বসুরহাট পৌরসভা একটি অত্যাধুনিক পৌরসভা হিসেবে উন্নীত হবে এবং নাগরিকরা তাদের সুযোগ-সুবিধা অর্জন করবে।
