সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:০০

ভোলায় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি ও চরফ্যাশন সংবাদদাতা ভোলায় বৃষ্টির মধ্যে কৃষিজমিতে খেলতে গিয়ে বজ্রপাতে জহিরুল ইসলাম সাগর (১১) ও সিফাত হোসেন শান্ত (০৯) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ মাদ্রাজ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মো. নূরন্নবী (৪০) নামের এক কৃষক ও শিশু ইব্রাহীম (৮) আহত হয়েছে। নিহত জহিরুল ইসলাম দক্ষিণ মাদ্রাজ গ্রামের মো. কুদ্দুস মাঝি ও সিফাত হোসেন শান্ত একই গ্রামের আব্দুল সাত্তারের ছেলে। এওয়াজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন জানান, বজ্রপাতে আহত শিশুদের স্থানীয়রা চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক জহিরুল ইসলাম সাগর ও সিফাত হোসেন শান্তকে মৃত ঘোষণা করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গাইবান্ধায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন

গাইবান্ধা প্রতিনিধি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা শহরের ১ নম্বর রেলগেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সদস্য রঞ্জু হাসান, ছাত্র ইউনিয়ন গাইবান্ধা জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক রাশেদীন, ছাত্র ফ্রন্টের জেলা সংগঠক মারুফ হাসান, সাধারণ শিক্ষার্থী মো. তৈয়ব মিয়া প্রমুখ। অপরদিকে একই দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

প্রাণিসম্পদ প্রদর্শনী উপলক্ষ্যে সংবাদ সম্মেলন

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা চন্দনাইশে উপজেলা পর্যায়ে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প প্রদর্শনী-২১ উপলক্ষ্যে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আরিফ উদ্দিন সংবাদ সম্মেলনে প্রাণিসম্পদ প্রদর্শনীর গুরুত্ব তুলে ধরেন। এ সময় প্রাণিসম্পদ অফিসের এম সেলিম উদ্দিন, শিফাতুন জান্নাত প্রমুখ উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা দৌলতপুরে ৩৮০ জন বীর মুক্তিযোদ্ধা তিন মাস যাবত্ সম্মানী ভাতা থেকে বঞ্চিত হওয়ায় বৃহস্পতিবার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন। উপজেলা সড়কে এ মানববন্ধন ও সমাবেশ করেন ভাতাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধারা। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নুর মোহাম্মদ (অব.)। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী, আবু আফফান, আব্দুস সাত্তার প্রমুখ।

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ায় ৫ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খওয়ানো হবে। এ বিষয়ে বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ। বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন প্রমুখ।

অসহায় পরিবারের মধ্যে খাদ্য সহায়তা

নাটোর প্রতিনিধি করোনা পরিস্থিতিতে কর্মহীন ও অসহায় ৪০০ পরিবারের মধ্যে বৃহস্পতিবার খাদ্য সহায়তা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিট। জেলার লালপুরের ত্রিমোহনী বাজারে খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি নাটোর ইউনিটের নির্বাহী সদস্য ইসাহাক আলী এবং রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও নাটোর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন। এছাড়া বড়াইগ্রামের তিরাইল উচ্চ বিদ্যালয় মাঠে মত্স্যজীবী ও নদীভাঙন এলাকার পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হয়।

পথ পাঠাগারের প্রতিষ্ঠাবার্ষিকী

দুর্গাপুর (নেত্রকোনা) সংবাদদাতা দুর্গাপুরে নানা আয়োজনে পথ পাঠাগারের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে। বুধবার সন্ধ্যায় পৌর শহরের কুমার দীজেন্দ্র পাবলিক লাইব্রেরির হলরুমে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান উদ্বোধন হয়। উদ্বোধন শেষে পথ পাঠাগারের সভাপতি কবি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র মো. আলাউদ্দিন।