পুঁজিবাজারের জন্য ভালো বাজেট —বিএসইসি চেয়ারম্যান

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:০৬

পুঁজিবাজারের জন্য যে তিন-চারটি বিষয় চাওয়া হয়েছিল তার প্রায় সবগুলোই পাওয়া গিয়েছে। বিশেষ করে করপোরেট কর কমানোর বিষয়ে যে চাওয়া ছিল, সেটি পাওয়া গেছে। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য করপোরেট করের হার আড়াই শতাংশ কমানো হয়েছে। পাশাপাশি বন্ডের ক্ষেত্রে ২ শতাংশ কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বাজেটে পুঁজিবাজারের জন্য দেওয়া সুযোগ-সুবিধাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল-ইসলাম।

তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির জন্য আড়াই শতাংশ করপোরেট কর কমানো হয়েছে। আমরা পাঁচ শতাংশ চেয়েছিলাম। অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের বিষয়ে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় স্পষ্ট করে কিছু উল্লেখ না থাকলেও বিএসইসি চেয়ারম্যান বলছেন, এই সুবিধা থাকবে। তিনি বলেন, বন্ডের কর কমানোর বিষয়ে আমাদের দাবি ছিল। সেটিও বাস্তবায়ন হয়েছে। সুকুক বন্ডের রেজিস্ট্রেশনের সময় দ্বৈত করের ব্যবস্থা ছিল, সেটি কমানো হয়েছে। প্রস্তাবিত বাজেটে তা ২ শতাংশ করা হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য করপোরেট করের প্রস্তাব করা হয়েছে সাড়ে ২২ শতাংশ, চলতি অর্থবছরে যা আছে ২৫ শতাংশ।

পুঁজিবাজারে তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির করপোরেট করের হার চলতি অর্থবছরে নির্ধারণ করা আছে সাড়ে ৩২ শতাংশ, প্রস্তাবিত বাজেটে তা ৩০ শতাংশ করার কথা বলা হয়েছে। মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে করপোরেট করের হার চলতি অর্থবছরের মতোই সাড়ে ৩৭ শতাংশ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে।