বাজেটকে উন্নয়ন ও গণমুখী উল্লেখ করে খুলনা চেম্বারের অভিনন্দন

আপডেট : ০৩ জুন ২০২১, ২২:০৮

২০২১-২০২২ অর্থবছরের জন্য ঘোষিত জাতীয় বাজেটকে জনহিতকর, বাস্তবসম্মত, উন্নয়ন ও গণমুখী এবং ব্যবসাবান্ধব বলে উল্লেখ করে খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অভিনন্দন জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে এক বিবৃতিতে খুলনা চেম্বারের সভাপতি কাজি আমিনুল হকসহ পরিচালনা পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে এই অভিনন্দন জানান। বিবৃতিতে বলা হয়, খুলনা চেম্বার অব কমার্স মনে করে এ বাজেট সুষম হয়েছে। এদেশের ব্যবসা-বাণিজ্য, শিল্প, স্বাস্থ্য, কৃষি, চিকিত্সাসহ সর্বক্ষেত্রে জনগণ এর সুফল পাবে। এ বাজেটে সামাজিক নিরাপত্তার দিক অনেক প্রসারিত হয়েছে। খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পের কাজে আরো অধিক পরিমাণ অর্থ বরাদ্দ ও শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে যথাশিগিগর চালু এবং জলোচ্ছ্বাস হতে রক্ষার জন্য দক্ষিণাঞ্চলের নদীবেষ্টিত অঞ্চলসমূহে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সুন্দরবনকে রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করার জন্য চেম্বার নেতৃবৃন্দ দাবি জানান। এছাড়া বিগত দিনে সিডর, আইলা, আম্ফান ও সর্বশেষ ইয়াসের মতো ঘূর্ণিঝড় এবং করোনাকালীন লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্যে, শিল্প-কলকারখানা এবং মত্স্য ও কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ক্ষতিগ্রস্ত মাঝারি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে এ বাজেটের সুফল পেতে পারেন সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।