দক্ষিণ কেরানীগঞ্জে প্রকাশ্যে জনতার সামনে হিমেল নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জে কাউটাইল কান্দাপাড়া এলাকায়। নিহতের স্বজনদের অভিযোগ, কিছুদিন আগে এলাকার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে র?্যাব মাদকসহ আটক করে জেলহাজতে পাঠায়। এ ঘটনায় জাহাঙ্গীরের ছেলেমেয়েরা হিমেলকে দায়ী করে আসছিল। বুধবার রাত ৮টার দিকে জাহাঙ্গীরের বাড়ির সামনে একা পেয়ে সুমন, নিলয়, প্রবীণ, মাহি, মলি, হূদয়সহ আরো কয়েকজন হিমেলকে আটক করে হাত-পা বেঁধে বেধড়ক পিটাতে থাকে। এ সময় ঘটনাস্থলে প্রায় শতাধিক লোক জড়ো হয়ে মোবাইলে এ দৃশ্যের ভিডিও ধারণ করে। নিহত হিমেল বাঁচার জন্য হাজারো আকুতি জানালেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে রাত ১০টার দিকে হিমলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ফার্মেসিতে জরুরি চিকিত্সা দেওয়া হয়। রাত ১২টার দিকে তাকে মিটফোর্ড হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পরে সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদান্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের মধ্যে সুমন, প্রবীণ ও শরীফ নামে তিন জনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপার গতকাল দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
