আওয়ামী লীগের আনন্দ মিছিল

প্রস্তাবিত বাজেট উন্নয়ন ও জনবান্ধব --------কাদের

আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:১৬

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উন্নয়ন ও জনবান্ধব বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমাদের দলের পক্ষ থেকে আজ শুক্রবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি। জীবন ও জীবিকার প্রাধান্য দিয়ে দেশের সব মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে এটি একটি বাস্তবভিত্তিক, সংকটকালীন সময়োপযোগী বাজেট।

এদিকে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত       জানিয়েছে আওয়ামী লীগ ও এর সহযোগী ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। প্রস্তাবিত এ বাজেটকে ‘জনকল্যাণ ও উন্নয়নমুখী’ আখ্যা দিয়ে রাজধানীতে মিছিল করেছে এসব সংগঠন।

গতকাল নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে প্রথমে আনন্দ মিছিল বের করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। পরে সহযোগী সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ. শ্রমিক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনও নতুন বাজেটকে স্বাগত জানিয়ে আলাদা আনন্দ মিছিল বের করে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আনন্দ মিছিল ও সমাবেশে উপিস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নগর নেতৃবৃন্দ। এরপরে বাজেটকে স্বাগত জানিয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলটি বঙ্গবন্ধু অ্যাভিনিউ, শহীদ নূর হোসেন স্কয়্যার, মুক্তাঙ্গন ও পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ড আওয়ামী লীগ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফরিদুল হক হ্যাপীর নেতৃত্বে একটি বিশাল মিছিল মিরপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ওয়ারী থানা আওয়ামী লীগ। ২০২১-২২ অর্থবছরের ঘোষিত বাজেটকে স্বাগত জানিয়ে মিছিল ও পথচারীদের মধ্যে করোনা সামগ্রী বিতরণ করেছেন সিটি করপোরেশনেরর বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। জাতীয় প্রেসক্লাবের সামনে বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বঙ্গবন্ধু জয়বাংলা লীগ।

প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করেছে কৃষক লীগ। সংগঠনের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ গণমুখী বাজেট পেশ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।