নৌকার মনোনয়নপ্রত্যাশী ১৫০

তিন এমপি প্রার্থী চূড়ান্ত হবে ১২ জুন

আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:১৭

তিন সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ১২ জুনের মধ্যে। নির্বাচন কমিশন ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১৪ জুলাই এই তিন আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। জানা গেছে, এই তিন আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে এক সপ্তাহ আগেই মাঠ জরিপ সম্পন্ন করেছে আওয়ামী লীগ। সাংগঠনিক ও বিভিন্ন সংস্থার ছয়টি জরিপ রিপোর্ট আওয়ামী লীগের হাইকমান্ডের কাছে জমা দেওয়া হয়েছে। জনপ্রিয় ও উইনেবল প্রার্থী ঠিক করতে জরিপ রিপোর্টগুলো খতিয়ে দেখছেন হাইকমান্ড। তিন সংসদীয় আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১৫০ জন। একাধিক জরিপ রিপোর্টে জনপ্রিয়তা বিবেচনায় ৯ জন নেতার নাম উঠে এসেছে। দলের জন্য নিবেদিত, নিজ এলাকায় সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত ও অধিকতর জনপ্রিয়—এমন যোগ্য নেতা খুঁজে বের করতেই একাধিক সংস্থার মাধ্যমে জরিপ করানো হয়েছে। আগামী ১১ অথবা ১২ জুন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

তিন সংসদ সদস্যের মৃত্যুতে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ সংসদীয় আসন শূন্য হয়েছে। ইতিমধ্যে এসব      আসনে নৌকার মনোনয়ন পেতে মাঠে নেমেছেন ১৫০ নেতা। মনোনয়ন প্রত্যাশীর এই সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ৪ হাজার ২৩ জন। গড়ে প্রতিটি আসনে প্রার্থী ১৩ জনের বেশি ছিল। তবে এবার তিন উপনির্বাচনে গড়ে প্রতিটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৫০ জন। তিন আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদনপত্র বিতরণ আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আগামী ১০ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দেওয়া যাবে।

তিন সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী ও ছেলে-মেয়েসহ স্বজনরা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারাও। ওয়ার্ড পর্যায়ের নেতাদের পাশাপাশি সাবেক নেতারাও রয়েছেন মনোনয়ন প্রত্যাশীদের তালিকায়।

ঢাকা-১৪ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এখন পর্যন্ত ১০০ জন। প্রয়াত এমপির স্ত্রীর মনোনয়ন পাওয়ার বিষয়টি দলের হাইকমান্ডের ওপর নির্ভর করছে। জানা গেছে, মাঠ জরিপে জনপ্রিয়তা বিবেচনায় এই আসনে যে তিন নেতার নাম উঠে এসেছে তারা হলেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা কাজী ফরিদুল হক হ্যাপী। এর মধ্যে ফরিদুল হক হ্যাপী ঐ আসনের মধ্যে এবং বাকি দুই জন বাইরের বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে সাবেক আইনমন্ত্রী ও কুমিল্লা-৫ থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা গেলে আসনটি শূন্য হয়। এখানে মাঠে নেমেছেন প্রায় ২৫ জন মনোনয়ন প্রত্যাশী। এ আসনে প্রার্থী হিসেবে আব্দুল মতিন খসরুর পরিবারের চার জনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন তার স্ত্রী সেলিনা সোবহান খসরু, ছেলে মুনেফ ওয়াসিফ, মেয়ে ডা. উম্মে হাবিবা দিলশাদ মুনমুন ও ভাই অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস। পরিবারের বাইরে আলোচনায় রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল হাশেম, সহসভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মো. আল আমিন, উপজেলা চেয়ারম্যান আখলাক হায়দার, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা প্রমুখ। সূত্র জানায়, মাঠ জরিপ রিপোর্টগুলোতে জনপ্রিয় প্রাথী হিসেবে প্রয়াত সংসদ সদস্যের স্ত্রী সেলিনা সোবহান খসরু, এমপির ভাই অ্যাডভোকেট আবদুল মমিন ফেরদৌস ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেনের নাম রয়েছে।

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে সিলেট-৩ আসনটি শূন্য হয়। প্রায় ২৫ জন নেতা এ আসনে দলীয় মনোনয়ন চাচ্ছেন। মাহমুদ উস সামাদের স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী দলীয় প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে সম্প্রতি এক বিবৃতি দিয়েছেন। এ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আরো রয়েছেন আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা দেওয়ান গৌছ সুলতান, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল প্রমুখ। সূত্র জানায়, একাধিক জরিপ রিপোর্টে জনপ্রিয় প্রার্থীর তালিকায় ফারজানা সামাদ চৌধুরী, বিএমএর মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল ও মিসবাহ উদ্দিন সিরাজের নাম রয়েছে।