নির্বাচন খাতে বরাদ্দ ১৭২৮ কোটি টাকা

আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:১৮

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নির্বাচন কমিশনের (ইসি) জন্য ১ হাজার ৭২৮ কোটি টাকা রাখার প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ প্রস্তাবিত বাজেট পেশ করেন। গত অর্থবছরের চেয়ে এবার ৬৭ কোটি টাকা বরাদ্দ কম ধরা হয়েছে। বাজেটের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়েছে, নির্বাচন কমিশনের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ১০ কোটি টাকা ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৭১৮ কোটি টাকা। ২০২০-২০২১ অর্থবছরে বাজেটে ১ হাজার ৭১৭ কোটি টাকা রাখার প্রস্তাব করা হলেও সংশোধিত বাজেটে তা দাঁড়ায় ১ হাজার ৭৯৫ কোটিতে। এ হিসেবে সংশোধিত বাজেটের চেয়ে ৬৭ কোটি টাকা কম প্রস্তাব করা হলেও গত বারের প্রস্তাবিত বাজেটের চেয়ে এবার ১১ টাকা বেশি রাখা হয়েছে।