নারী উদ্যোক্তাদের করমুক্ত আয় সীমা বাড়ানো হচ্ছে। নারী উদ্যোক্তাদের মধ্যে যাদের বার্ষিক টার্নওভার (বার্ষিক লেনদেন) ৫০ লাখ টাকা ছিল এতদিন তাদের আয় করমুক্ত ছিল। আগামী অর্থবছরে এই সীমাকে বাড়িয়ে ৭০ লাখ টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, একটি দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রযাত্রা এবং টেকসই উন্নয়নে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের গুরুত্ব অপরিসীম। অর্থনীতিতে উদ্যোক্তা হিসেবে পুরুষের পাশাপাশি নারী উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। এভাবে নারীর অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। এসএমই খাত ও নারীর উন্নয়নে এসএমই খাতের নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা হিসেবে ব্যবসার মোট টার্নওভার ৭০ লাখ টাকা পর্যন্ত করমুক্ত রাখার প্রস্তাব করছি। অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি পাওয়ার সুবাদে দেশে নারী উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত উপকৃত হবে।
