তৃতীয় লিঙ্গের কর্মচারী নিয়োগ দিলেই প্রতিষ্ঠানের ৫ শতাংশ কর ছাড়

আপডেট : ০৩ জুন ২০২১, ২৩:২০

নতুন অর্থবছর ২০২১-২২ বাজেটে কোনো প্রতিষ্ঠানে তৃতীয় লিঙ্গের কাউকে নিয়োগ দিলে কর ছাড় দেওয়ার বিধান প্রস্তাব করা হয়েছে। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান মোট জনবলের ১০ শতাংশ বা ১০০ জনের বেশি তৃতীয় লিঙ্গের ব্যক্তিকে চাকরি দিলে ঐ কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশের মধ্যে যেটি কম তা নিয়োগকারী রেয়াত পাবে। গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২১-২২ অর্থবছরের এ বাজেট প্রস্তাব তুলে ধরেন। এটি অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের তৃতীয় বাজেট। আর আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। প্রস্তাবিত বাজেটে উল্লেখ করা হয়, বর্তমান সরকার দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সামাজিক ও অর্থনীতির মূল ধারায় অন্তর্ভুক্তির লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছে। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের একটি হচ্ছে তৃতীয় লিঙ্গের মানুষ। এ জনগোষ্ঠী অন্যান্য মানুষের চেয়ে আর্থসামাজিকভাবে পিছিয়ে আছে এবং তারা মূল ধারার বাহিরে আছে। কর্মক্ষম এ জনগোষ্ঠীকে উত্পাদনমুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলে সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। এ পরিপ্রেক্ষিতে তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থান, জীবনযাত্রার মান উন্নয়ন, সামাজিক ও অর্থনৈতিক আত্তীকরণের লক্ষ্যে সংসদে বিশেষ কর প্রণোদনার বিধান প্রবর্তনের প্রস্তাব করছি। নতুন অর্থবছরের বাজেটে নেওয়া পদক্ষেপের ফলে এই জনগোষ্ঠীর কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং তাদের সম্পর্কে সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। এর আগে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিষ্ঠানে কর্মরত মোট জনবলের ১০ শতাংশ প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগ দিলে ঐ প্রতিষ্ঠান ৫ শতাংশ কর ছাড় দেওয়া হয়।