পেনাল্টি না পাওয়ার আফসোস বাংলাদেশের

আপডেট : ০৪ জুন ২০২১, ০০:২৮

বিশ্বকাপ বাছাইয়ে কাতারের দোহায় জসিম হামাদ স্টেডিয়ামে কাল রাতে আফগানিস্তানের বিপক্ষে প্রায় জিতেই গিয়েছিল বাংলাদেশ। ইরানি রেফারি বাংলাদেশকে বঞ্চিতই করেছেন। ১-১ গোলে ম্যাচটার শেষ ভাগে মতিন মিয়াকে হাত দিয়ে পুশ করে বক্সের ভেতরে ফেলে দিলেন আফগান ডিফেন্ডার। সেটি আমলেই নিলেন না ইরানি রেফারি। টিভি রিপ্লেতে পরিষ্কার দেখা গেল হাতের ধাক্কায় মাটিতে পড়লেন বাংলাদেশের স্ট্রাইকার মতিন মিয়া। আবেদনও হয়েছিল কিন্তু এড়িয়ে গেলেন রেফারি। টিভিতে খেলা দেখছিলেন দর্শক, উত্তেজনায় ফেটে পড়লেন। বলছিলেন, ‘১-০ গোলে পিছিয়ে থাকা একটা দল গোল করল, স্কোর লাইন সমান (১-১) করল। ম্যাচের এমন ক্লাইমেক্সে রেফারি পেনাল্টি দিতে পারেন।’ আফসোসে পুড়লেন এই দর্শক। 

আফগানিস্তান বাংলাদেশের তুলনায় অনেক বেশি শক্তিশালী। র্যাংকিংয়ে বাংলাদেশ ১৮৪, আফগানিস্তান ১৪৯। আফগান ফুটবলাররা ইউরোপের লিগে খেলে থাকেন। বাংলাদেশের ফুটবলাররা ঢাকার কাদা মাঠে খেলেন। এবার তো প্রস্তুতিও ভালো  হয়নি। আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারবে এমন আশঙ্কাও ছিল। কিন্তু কাল রাতে অনুষ্ঠিত শেষ ভাগের ফুটবল নৈপুণ্য যতটা ভালো লেগেছে তার চেয়েও ঢের বেশি পেনাল্টি না পাওয়ার আফসোসে পুড়িয়েছে।

আফগানরা শারীরিক উচ্চতায় বাংলার ফুটবলারদের চেয়ে অনেক বেশি সামর্থ্যবান। এরিয়েলে তাদের সঙ্গে পেরে উঠছিলেন না সোহেল রানা, মতিন, জনিরা। আফগানরা সহজেই লাফিয়ে তুলে নিয়েছেন।

২০১৯, ১০ সেপ্টেম্বর। দুশাম্বেতে গ্রুপ পর্বে বাংলাদেশ আফগানিস্তানের প্রথম মুখোমুখিতে ১-০ গোলে হেরেছিল। ২৭ মিনিটে গোল হজম করেছিল বাংলাদেশ। এবার প্রথমার্ধ ঠেকিয়ে রাখলেও গোল হজম করে ৪৮ মিনিটে। রক্ষণ ভুলে দুর্বল শট গোলে পরিণত হয়। আমির শেরিফি গোল করেন বাঁ-পায়ে ১-০।

বাংলাদেশ রক্ষণে চলে গিয়েছিল।

বিপলু, সোহেল রানা, মানিক মোল্লা, তারিক কাজী, আব্দুল্লাহ, রকিবরা ভুল পাস খেলেছেন। গুছিয়ে উঠতে পারছিলেন না।

খেলার শেষ ভাগে বাংলাদেশের ইংলিশ কোচ জেমি ডে ম্যাচ নিয়ে ‘জুয়া’ খেলেছেন। আক্রমণে চার ফুটবলার ঠেলে দিয়েছেন। ধরে নিয়েছিলেন এমনিও হারবে, অমনিও হারবে। আফগানিস্তানকে ধরাশায়ী করতে আক্রমণের যাওয়ার টোটকা দারুণ কাজে লেগেছে। আফগানদের রক্ষণে ভাঙন ধরে। আক্রমণে বাংলাদেশ কাজে লাগিয়েছে গ্রাউন্ড বল। ৮৪ মিনিটে রিয়াদের হেডে নামিয়ে দেওয়া বলটা তপু বর্মন বুক দিয়ে নামিয়ে মাটিতে ডজ দেন বদলি খেলতে নামা আফগান ডিফেন্ডার আবাহনীর মাসিহ সাইঘানিকে। তপুর দুর্দান্ত শট মাসিহর পায়ের ফাঁক দিয়ে গোলকিপার আজিজির চোখ ফাঁকি দিয়ে গোলে পরিণত হয় ১-১। এর পরই পেনাল্টি হতে বঞ্চিত হয় বাংলাদেশ। এরও আগে বদলি আব্দুল্লাহ সহজ সুযোগ মিস করে বাংলাদেশকে বঞ্চিত করেন।