পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনের হদিস পাঁচ দিনেও মেলেনি। এ ঘটনায় রাজধানীর বিজয় সরণি, তেজগাঁও, চন্দ্রিমা উদ্যান ও কাফরুল এলাকার ডজনখানেক চিহ্নিত ছিনতাইকারীকে ধরে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাদের কেউই বলতে পারছে না লাখ টাকার মোবাইল ফোনটি কে নিয়েছে বা কার কাছে আছে।
ফোনটি উদ্ধারে মাঠে নেমেছে মহানগর গোয়েন্দা পুলিশও (ডিবি)। তবে এখনো কোনো সূত্র উদ্ধার করতে পারেনি তারা। পুলিশ বলছে, ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। আশপাশের এলাকার ক্যামেরাগুলো থেকে ছিনতাই সময়ের ফুটেজ উদ্ধার করা হয়েছে। তবে অস্বাভাবিক কিছুই পায়নি পুলিশ।
কাফরুল থানা পুলিশ জানায়, ইতিমধ্যে চন্দ্রিমা উদ্যানের ভেতরের টোকাই-ছিনতাইকারী, শেরেবাংলা মাঠসংলগ্ন এলাকার টোকাই, আগারগাঁওসহ আশপাশের এলাকার স্থানীয় ও সন্দেহভাজনদের থানায় আনা হয়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে মোবাইলের কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনায় কাফরুল থানায় একটি মামলা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই জি এম ফরিদুল আলম জানিয়েছেন, ফোন উদ্ধারের সর্বাত্মক চেষ্টা চলছে। একাধিক লোককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এখনো ফোন উদ্ধারের মতো কোনো সূত্র পাওয়া যায়নি। ছিনতাই হওয়ার জায়গা ও এর আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ দেখেছি। তবে সিসিটিভি ফুটেজে ছিনতাইয়ের ঘটনার তেমন কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত রবিবার পরিকল্পনা মন্ত্রণালয় থেকে বের হয়ে বিজয় সরণি সিগনালের জটে পড়ে মন্ত্রীকে বহনকারী গাড়ি। এ সময় মন্ত্রী গাড়ির গ্লাস খুলে মোবাইল ফোনে কথা বলছিলেন। তখনই এক ছিনতাইকারী তার হাত থেকে মোবাইল ফোনটি ছোঁ মেরে কেড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে একই দিনে ডিএমপির কাফরুল থানায় মন্ত্রীর ব্যক্তিগত সহকারী একটি মামলা করেন।
