হাইকোর্ট জামিন দেয়নি চার্জশিটভুক্ত আসামি আইয়াসকে

আপডেট : ০৪ জুন ২০২১, ০০:৩৮

টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মোহাম্মদ আজিজ ওরফে আইয়াসকে জামিন দেয়নি হাইকোর্ট। আসামির জামিন আবেদনে দণ্ডবিধির ১২০(বি) ধারার উল্লেখ না থাকায় আবেদনটি শুনেনি আদালত। এরপরই জামিন আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের ভার্চুয়ালি হাইকোর্ট বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী উপস্থিত ছিলেন।

ডিএজি সারওয়ার বলেন, চার্জশিটভুক্ত আসামি আইয়াস টেকনাফ পুলিশের সোর্স ছিলেন। এই আসামি মেজর (অব.) সিনহার গতিবিধি সম্পর্কে পুলিশকে বিভিন্ন সময়ে তথ্য দেন। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ও ১২০(বি) ধারার অভিযোগ আনা হয়েছে চার্জশিটে। কিন্তু জামিন আবেদনে ১২০(বি) ধারাটির উল্লেখ না থাকায় আদালত আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছে।

গত বছরের ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে টেকনাফ শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ ঘটনায় ৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ জন পুলিশ সদস্যকে আসামি করে মামলা করেন। আদালত র্যাবকে মামলাটির তদন্তের নির্দেশ দেয়। তদন্ত শেষে প্রদীপ কুমার দাশসহ ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় র্যাব।