‘ভারতে কুরুচিপূর্ণ ভাষা কোনটি?’ গুগলে সার্চ দিয়ে উত্তর আসছিল ‘কন্নড়’। এ নিয়ে তোপের মুখে পড়ে গুগল। কর্নাটক সরকার আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারি দেয়। আর তারপরই নিজেদের ভুল শুধরে নেয় গুগল। জনগণের কাছে ক্ষমা চেয়ে গুগল জানিয়েছে, সার্চ রেজাল্ট তাদের মতামতকে প্রতিফলিত করে না। বৃহস্পতিবার (৩ জুন) এসব জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।
প্রতিবেদনে প্রকাশ, কর্নাটকের কন্নড়, সংস্কৃতি ও বন মন্ত্রী অরবিন্দ লিম্বাবালি বলেন, ‘যুগ যুগ ধরে এই ভাষাটি কান্নাদিগদের গৌরব বয়ে নিয়ে চলেছে। কন্নড় ভাষাকে ছোট করা গুগলের কান্নাদিগদের এই অহংকারকে অপমান করার চেষ্টা মাত্র। আমি গুগলের ক্ষমা চাওয়ার দাবি করছি। আমাদের সুন্দর ভাষার ছবিকে কলুষিত করার জন্য গুগলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আনন্দবাজার আরো বলছে, এই বিষয়ে যোগাযোগ করা হলে গুগলের এক মুখপাত্র বলেন, ‘সার্চ রেজাল্ট সর্বদা নিখুঁত হয় না। কখনও কখনও ইন্টারনেটে বিষয়বস্তুর যে ভাবে বর্ণনা করা হয়েছে তা নির্দিষ্ট প্রশ্নের ক্ষেত্রে অবাক করে দেওয়ার ফলাফল পেতে পারে। আমরা জানি এটি আদর্শ নয়, তবে আমরা যখন কোনও সমস্যা সম্পর্কে জানি আমরা অ্যালগরিদমগুলি উন্নত করার জন্য ক্রমাগত চেষ্টা করি। তখন আমরা দ্রুত সংশোধনমূলক পদক্ষেপ করি। স্বাভাবিক ভাবেই, এটি গুগলের মতামতের প্রতিফলন নয় এবং আমরা ভুল বোঝাবুঝি ও অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমা চাইছি।’
ইত্তেফাক/এসএ
