নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী নিজের জন্য নয়, বাংলার মানুষের উন্নয়নের জন্য কাজ করছেন। দেশ গঠনে সহায়ক শিক্ষা ও সুস্থতার জন্য প্রধানমন্ত্রী শিক্ষা ও স্বাস্থ্যখাতে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছেন।
শুক্রবার (৪ জুন) রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত গ্রীষ্মকালীন ফল উৎসবে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ফল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি বিষয়ের সাথে যুক্ত। সব জায়গায় তার ছোয়া আছে। তিনি মায়ের মমতা নিয়ে সবকিছু এগিয়ে নিয়ে গেছেন এবং যাচ্ছেন। প্রধানমন্ত্রী দারিদ্র দূরীকরণে কাজ করে চলেছেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বেই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা নির্মাণ করবো।
জুম বাংলাদেশের সভাপতি রুহুল আমিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের আজীবন সদস্য অতিরিক্ত ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাব-৪ এর পরিচালক মো. মোজাম্মল হক, প্রধান উপদেষ্টা মো. খালেদ হুসাইন এবং সহসভাপতি জেরিন সুলতানা।
এসময় অনুষ্ঠানে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুকে ৯ ধরনের ফলের প্যাকেট প্রদান করা হয়। এছাড়া সুবিধাবঞ্চিত শিশুরা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।
ইত্তেফাক/এমএএম
