কুবিতে পরীক্ষা শুরু হচ্ছে ১৩ জুন

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৪

কুবি সংবাদদাতা

করোনার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আটকে থাকা চূড়ান্ত পরীক্ষা শুরু হচ্ছে ১৩ জুন। বৃহস্পতিবার বিকালে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেন, একাডেমিক কাউন্সিলে আগামী ১৩ জুন থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষা কমিটি পরীক্ষার সিডিউল ঠিক করবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ১৩ জুন থেকে সশরীরে শিক্ষার্থীদের উপস্থিতিতে পরীক্ষা হবে। যে পরীক্ষাগুলোর রুটিন করা ছিল সেগুলো অগ্রাধিকার পাবে।

গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরে ২০ ডিসেম্বর থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলে পুনরায় করোনা মহামারির প্রকোপ দ্বিতীয় ধাপে বেড়ে যাওয়ায় গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের সঙ্গে ডিন ও প্রভোস্টদের সভায় চলমান সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।