পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা
চিকিত্সকের অবহেলার কারণে এক রোগীর মৃত্যুর অভিযোগে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর করেছে তার স্বজনরা। শুক্রবার সকালে উপজেলার জারিয়া ইউনিয়নের দেওটুকোন গ্রামের আবদুল মজিদের ছেলে শাহীদ মিয়াকে (৩৮) চিকিত্সার জন্য তার স্বজনরা পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনে। তারা কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার আবদুল মালেককে ডাক্তার ডাকার কথা বলেন। ডাক্তার আসতে কিছুটা বিলম্ব হওয়ায় তারা ক্ষুব্ধ হন। ইতিমধ্যে চিকিত্সক এসে প্রাথমিক পরীক্ষানিরীক্ষা শেষে রোগীকে মৃত ঘোষণা করলে স্বজনরা জরুরি বিভাগের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক ডা. শুকলা মৌমিতা বলেন, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ শাহীন বলেন, কর্তব্যরত ডাক্তার ওয়াশরুমে থাকায় আসতে কিছুটা দেরি হওয়ায় ক্ষুব্ধ হয়ে রোগীর স্বজনরা হাসপাতালে ভাঙচুর করেছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হবে। নিহত ব্যক্তির ভাই সুমন মিয়া বলেন, চিকিত্সকের অবহেলার কারণে তার ভাই মারা গেছে। যথা সময়ে রোগীকে তারা হাসপাতালে নিয়ে এলেও চিকিত্সক আসতে দেরি হওয়ায় স্বজনরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালিয়েছে। পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
