সড়ক দুর্ঘটনায় নিহত ৩

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৫

ইত্তেফাক ডেস্ক

যশোরের মনিরামপুরে সড়ক দুর্ঘটনায় এক ওয়ার্ড কমিশনারের বাবাসহ বিভিন্ন স্থানে তিন জন নিহত হয়েছেন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মনিরামপুর (যশোর) : উপজেলায় সড়ক দুর্ঘটনায় পৌর শহরের কামালপুর ওয়ার্ড কমিশনার বাবুল আক্তারের বাবা আমিন উল্লা (৬০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে কামালপুরের নিজ বাড়ি থেকে বেড়িয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেলে আঘাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিলে সেখানে চিকিত্সাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১টায় মারা যান। মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে এক জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জের গাগলী গ্রামের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা হতাহতের উদ্ধার করে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন বলেন, দিরাই থেকে সিলেটগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পরে এক জন মারা গেছেন। বেশ কয়েক জন আহত হয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাগাতিপাড়া (নাটোর) : উপজেলার তমালতলায় ভেকুর রোবট লরির ডালার নিচে চাপা পড়ে আরাফাত (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার তমালতলা মহিলা কলেজ গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরাফাতের মৃত্যুর বিষয়টি তদন্ত করা হচ্ছে।