বেরোবিতে খোলা আকাশের নিচে প্রতীকী পরীক্ষা

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৬

বেরোবি সংবাদদাতা

সশরীরে পরীক্ষা গ্রহণের দাবিতে খোলা আকাশের নিচে প্রতীকী পরীক্ষার আয়োজন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে এই প্রতীকী পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পরিচালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হক ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল আসাদ। করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় অনলাইনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বুধবার রাতে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল স্বাক্ষরিত পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। অনলাইনে পরীক্ষার এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সশরীরে পরীক্ষার তারিখ ঘোষণা করার দাবিতে এই প্রতীকী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার বিকালে সশরীরে পরীক্ষা গ্রহণের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় আগামী রবিবারের মধ্যে সশরীরে পরীক্ষা নেওয়ার তারিখ ঘোষণা না করা হলে আরো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল, গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহামুদুল হক।