ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বৃহস্পতিবার গভীর রাতে ৫ হাজার ৭০ পিস ইয়াবাসহ এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে র্যাব। ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজায় ভৈরব র্যাব ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করেন। তার নাম গাজী জিয়াউদ্দিন বাবলু। শুক্রবার দুপুরে ভৈরব র্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাদক ব্যবসায়ী গাজী জিয়াউদ্দিন বাবলু দীর্ঘদিন যাবত্ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে ইয়াবা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে বলে স্বীকার করেছে। উদ্ধার মাদকদ্রব্য এবং গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
