সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৪৭

বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দে হতাশ রংপুর চেম্বার

স্টাফ রির্পোটার, রংপুর রংপুর চেম্বার সভাপতি মোস্তফা চৌধুরী টিটু বলেছেন, চিকিত্সা ব্যয় মেটাতে গিয়ে প্রতি বছর বাংলাদেশের ১ কোটি ১৪ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। স্বাস্থ্য খাত নিয়ে প্রস্তাবিত বাজেটে কোনো মহাপরিকল্পনা নেই। করোনা ভাইরাস মহামারিতে স্বাস্থ্য খাত নিয়ে প্রস্তাবিত বাজেটে কোনো মহাপরিকল্পনা না থাকায় তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেছে রংপুর  চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। প্রস্তাবিত বাজেট ঘোষণার পর তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার রাতে রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা চৌধুরী টিটু প্রেস বার্তায় এ অভিমত ব্যক্ত করেন। রংপুর চেম্বার সভাপতি বলেন, সংশোধিত বাজেটে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। তবে বাজেটে শিল্প ও সেবা খাতকে গতিশীল করতে প্রণোদনা প্যাকেজের যথাযথ বাস্তবায়নের উদ্যোগ, দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা ছোট ছোট উদ্যোক্তার জন্য বিশেষ তহবিল ঘোষণা এবং বেসরকারি খাতে অধিক বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঋণ সরবরাহ বাড়ানোর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তিনি।

সুনামগঞ্জে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জের পাগলা-বীরগাঁও বেহাল সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে পাগলা-বীরগাঁও ক্ষতিগ্রস্ত সড়কের পাশে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তারা দাবি করেন, সাত কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কারের অভাবে দুর্ভোগের শেষ নেই এলাকাবাসীর। ভাঙাচুরা সড়কে চলাচলে প্রায় সময় দুর্ঘটনার কবলে পড়তে হয় পথচারীদের। দ্রুততম সময়ে চলতি মৌসুমে সড়ক সংস্কারের দাবি জানান তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান মাহিন, সাইদুল ইসলাম, হোসাইন আহমদ মিশেল প্রমুখ।

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

মনপুরা (ভোলা) সংবাদদাতা মনপুরায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চারটি ইউনিয়নের পানিবন্দি দুস্থ অসহায় ক্ষতিগ্রস্ত ৬০০ পরিবারের মধ্যে শুক্রবার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে হাজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ অর্থ বিতরণ করা হয়। এর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম মিঞা।

অসচ্ছল সংস্কৃতিসেবীরা পেলেন অনুদান

জয়পুরহাট প্রতিনিধি করোনার কারণে জয়পুরহাটে সাময়িকভাবে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল সংস্কৃতিসেবীদের মধ্যে শুক্রবার ১০ লাখ ৪৬ হাজার ৪০০ টাকার অনুদানের চেক দেওয়া হয়েছে। স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে ঐ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১০ পরিবারকে প্রধানমন্ত্রীর ঘর প্রদান

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া ত্রিপুরা পল্লির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর গৃহহীন ১০টি পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে সিলেট বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান ত্রিপুরা জনগোষ্ঠীর হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মল্লিকা দে ও মেহেদী হাসান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

৫ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার, বগুড়া করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছে বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ। এবার এক দিনে নয়, টানা ১৪ দিন খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। বৃহস্পতিবার জেলা সিভিল সার্জনের সভা কক্ষে আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়। আজ ৫ জুন থেকে ১৯ জুন পর্যন্ত বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন বগুড়ার সিভিল সার্জন ডা. গওসুল আজিম এবং বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।

 

০০০