স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে ‘বিডি পুলিশ’ নামে একটি গ্রুপ খুলে এক নারী পুলিশ কনস্টেবলের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এমন ঘটনায় হূদয় খান নামে এক যুবককে আসামি করে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় গত বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ঐ নারী পুলিশ সদস্য। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা।
মামলার এজাহারে বলা হয়েছে, ঐ নারী পুলিশ সদস্য কক্সবাজার জেলা পুলিশ লাইনসে এসএএফ শাখায় কনস্টেবল পদে কর্মরত। অভিযুক্ত যুবকের ব্যাপারে বলা হয়, হূদয় খানের বাড়ি ঢাকার মগবাজার এলাকায়। তাদের মধ্যে দুই বছর আগে প্রেমের সম্পর্ক হয়। সেই সুবাদে সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটস অ্যাপে হূদয়ের সঙ্গে ভিডিও কলে তার নিয়মিত যোগাযোগ হতো। হূদয় খান তাকে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে বিভিন্ন কথোপকথন ও আপিত্তকর নানা অশ্লীল ভিডিও আদান-প্রদান করে, যা হূদয় তার মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখে।
ঐ নারী পুলিশ সদস্য অভিযোগ করেন, হূদয় তার অজান্তে তার সঙ্গে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করেছিল। পরে তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন শুরু হলে হূদয় তার ব্যক্তিগত জি-মেইলের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সেখান থেকে মোবাইল ফোনের যাবতীয় নম্বর ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের তথ্য সংগ্রহ করে।
পরবর্তী সময়ে হূদয় কৌশলে বিভিন্ন পুলিশ সদস্যদের মোবাইল নম্বর দিয়ে হোয়াটস অ্যাপ ‘বিডি পুলিশ’ নামে একটি গ্রুপ খুলে সেখানে ঐ সব আপত্তিকর ভিডিও এবং ছবি আপলোড দিলে তা ভাইরাল হয়। এতে সামাজিকভাবে ও কর্মস্থলে তার সম্মান ক্ষুণ্ন হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, মামলাটি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। রাতে মামলা দায়েরের পরই আসামিকে গ্রেফতার করা হয়েছে। আমরা অভিযুক্ত যুবককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করব। এছাড়া পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
