প্রয়াত মায়ের জন্য দোয়া চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৫১

ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা

সাবেক মন্ত্রী, ঢাকা সিটি করপোরেশনের মেয়র মরহুম কর্নেল (অব.) এ মালেকের সহধর্মিণী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের মাতা ফৌজিয়া মালেকের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মায়ের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

এ সময় উপস্থিত ছিলেন—জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলী, মন্ত্রীর স্ত্রী বিডি থাই গ্রুপের চেয়ারম্যান শাবানা মালেক, বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রুবিনা হামিদ, ছেলে মানিকগঞ্জ চেম্বারের সভাপতি রাহাত মালেক, মেয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস সমিতির সহসভাপতি সিনথিয়া মালেক, সাবিরা মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার। মায়ের স্মৃতিচারণ করতে গিয়ে মন্ত্রী কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘আমার মা কয়েকটি স্কুল, কলেজ, মসজিদ, কমিউনিটি ক্লিনিকের জন্য জমি দান করেছেন। যখন যে যা চাইত তিনি দিয়ে দিতেন। এ সময় তিনি তার মহীয়সী মায়ের জন্য সবার কাছে দোয়া চান।