স্পোর্টস রিপোর্টার
এক রাউন্ড পরই বৃষ্টিতে ডুবে গিয়েছিল বিকেএসপির দুই মাঠ। পরে বিকেএসপির ম্যাচগুলো সরিয়ে আনা হয় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। টানা চার দিন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ আয়োজন করা হয় মিরপুরে, প্রতিদিন তিনটি করে ম্যাচ।
চতুর্থ রাউন্ড থেকে প্রিমিয়ার লিগের ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেএসপিতে। গতকাল বিসিবির প্রকাশিত সূচিতে দেখা যায়, ৭ জুন শুরু হবে লিগের চতুর্থ রাউন্ড। এদিন থেকেই বিকেএসপির দুই মাঠে (৩ ও ৪ নম্বর মাঠ) ম্যাচ অনুষ্ঠিত হবে। আবারও মিরপুর, বিকেএসপি মিলে প্রতিদিন ছয়টি ম্যাচ হবে। ম্যাচ শুরু হবে সকাল ৯টা ও দুপুর দেড়টায়। সূচি অনুযায়ী আগামী ১১ জুন শেষ হবে লিগের সপ্তম রাউন্ড।
আজ মিরপুর স্টেডিয়ামে তিনটি ম্যাচ দিয়ে শেষ হবে লিগের তৃতীয় রাউন্ড। এদিকে বিসিবি সূত্রে জানা গেছে, বিকেএসপির মাঠ অনেকটাই প্রস্তুত হয়ে গেছে। মাঠে পানি আর নেই। গত দুই দিনের রোদে আউটফিল্ডও শুকিয়েছে।
