শাইনপুকুর, খেলাঘরের প্রথম জয়

আপডেট : ০৪ জুন ২০২১, ২১:৫২

স্পোর্টস রিপোর্টার

করোনার কারণে গ্যালারিতে নেই দর্শক। ১২ দলকে জৈব সুরক্ষা বলয়ে রেখে চলছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। টি-২০ ফরম্যাটের প্রিমিয়ার লিগের ম্যাচ লাইভ স্ট্রিমিং হচ্ছে বিসিবির ইউটিউব চ্যানেলে। জাতীয় দলের ক্রিকেটাররা খেলছেন বলে লিগে চোখ রাখছেন দেশের হাজারো ক্রিকেটপ্রেমী। কিন্তু ক্রিকেটের খুদে সংস্করণে ঢাকার শীর্ষ ক্লাবগুলোর লড়াই মন ভরাতে পারছে না কারোই। গতকাল ছুটির দিনে দুটি ম্যাচে সর্বোচ্চ রান উঠেছে ১৪০। গতকাল বিকাল পর্যন্ত লিগের মাত্র ছয় ইনিংসে দলীয় রান ১৫০ পার হয়েছিল। এমন নিস্তরঙ্গ ক্রিকেটে হতাশ ক্রিকেটমোদীরা।

প্রিমিয়ার লিগে গতকাল প্রথম জয়ের দেখা পেয়েছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সকালে খেলাঘর ৭ উইকেটে হারিয়েছে লেজেন্ডস অব রুপগঞ্জকে। পরের ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিরুদ্ধে ১০ রানে জয় পেয়েছে শাইনপুকুর। আল-আমিন জুনিয়রের হাফ সেঞ্চুরিতে আগে ব্যাট করে রুপগঞ্জ ৫ উইকেটে ১৩৮ রান করেছিল।  আল-আমিন জুনিয়র ৫১, আজমীর ২৮, সাব্বির রহমান ২৩, জাকের আলী অপরাজিত ১৯ রান করেন। পরে জহুরুল ইসলাম অমি ও মেহেদী হাসান মিরাজের জোড়া হাফ সেঞ্চুরিতে ১৯.৩ ওভারে ৩ উইকেটে ১৪০ রান তুলে ম্যাচ জিতে নেয় খেলাঘর। তৃতীয় উইকেটে মিরাজ-জহুরুল ৯৭ রানের জুটি গড়েন। মিরাজ ৫৪ রান করে আউট হলেও অধিনায়ক জহুরুল দলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন। ৪৪ বলে অপরাজিত ৫৩ রান করে ম্যাচ সেরাও তিনি।

শেখ জামালের বিরুদ্ধে শাইনপুকুর ৫ উইকেটে ১৩৭ রানের পুঁজি গড়েছিল। সাব্বির হোসেন ২০, তানজিদ হাসান ৩৪, তৌহিদ হূদয় ২৮, রবিউল ইসলাম রবি অপরাজিত ৩৪ রান করেন। এই টার্গেটই পাড়ি দিতে পারেনি শেখ জামাল। ১৯.৫ ওভারে ১২৭ রানে অলআউট হয় দলটি। নাসির ২৮, ইলিয়াস সানি ৩০, সোহরাওয়ার্দী শুভ ১৫, এনামুল ১৯ রান করেন। ৪ ওভারে ২ মেডেনসহ ৮ রানে ৩ উইকেট নিয়ে শাইনপুকুরের বাঁহাতি স্পিনার তানভির ইসলাম ম্যাচ সেরা হন।