‘হাওয়াই মিঠাই’

আপডেট : ০৪ জুন ২০২১, ২২:০৩

 

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘হাওয়াই মিঠাই’। পান্থ শাহরিয়ারের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামূল। নাটকটিতে অভিনয় করেছেন এফ এস নাঈম, মামুনর রশীদ, রোজী সিদ্দিকী, নাবিলা ইসলাম, নাদিয়া মীম, ফারুক আহমেদ, মারজুক রাসেল, সোহেল খান, শামীমা নাজনীন, এ্যালেন শুভ্র, মাসুম বাশার, আইনুন পুতুল প্রমুখ।

বাড়ির দরজায় লেখা আছে, ব্যাঙাচির ঘর। দরজা থেকে নেম প্লেটটা খুলে নিয়ে বাড়ির আর সব জিনিসের সাথে প্যাক করে নেয় মামুন। এ বাড়িটা ছেড়ে দিতে হবে দু’দিনের মধ্যেই। সব কিছু গুছিয়ে রাখতে হচ্ছে কারণ নতুন বাড়ি পাওয়া মাত্র ছুটতে হবে। এখন পর্যন্ত নতুন কোনো বাড়ি ভাড়ার জন্য পায়নি মামুন। সামান্য একটা আধ ভাঙা প্রেস আছে মামুনের। পুরনো মেশিন আর দুই একজন কর্মচারী নিয়ে ধুকে ধুকে চলতে থাকা প্রেসটা থেকে যে আয় হয় তাতে হয়তো মামুনের একার সংসার চলে যেতে পারতো। কিন্তু এই ব্যাঙাচির ঘরে সদস্য সংখ্যা ৭ জন। মামুন নিজে ছাড়াও আরো ৬ বাচ্চা তো রয়েছে। শখ করে একদিন মামুনই রেখেছিল এই নাম ‘ব্যাঙাচির ঘর’। বিয়ে-শাদি করেনি। বলতে গেলে এক রকম সংসার জীবনের কথা মাথাই আসেনি তার। নিজে ছোটবেলায় একটা অনাথ আশ্রমে বড় হয়েছে মামুন। তাই যেন রাজ্যের সব অনাথ শিশুদের দেখলেই নিজেকে খুঁজে পায় তার মধ্যে। যাকে যেমন করে পারে সাহায্য করে মামুন। কিন্তু এই ৬ বাচ্চার কিছুই ছিল না। রাস্তা থেকে কুঁড়িয়ে এনে মামুন নিজের ঘরে তুলেছে। ওরা এখন মামুনের ব্যাঙাচির ঘর আলো করে আছে।