বিশ্ব পরিবেশ দিবসে ৫০ লাখ গাছের চারা বিতরণ করছে বনায়ন

আপডেট : ০৪ জুন ২০২১, ২২:০৫

ইত্তেফাক রিপোর্ট

প্রতি বছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে ৫০ লাখ গাছের চারা বিতরণ শুরু করেছে দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় বৃক্ষরোপণ কর্মসূচি ‘বনায়ন’। এই কর্মসূচির আওতায় ঢাকা, ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, লালমনিরহাট, নাটোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, যশোর, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, রাঙ্গামাটি, নোয়াখালীসহ (ভাসানচর) ১৮টির বেশি জেলায় গাছ বিতরণ করা হচ্ছে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পর্যাপ্ত সবুজায়ন নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮০ সালে যাত্রা শুরু করা ‘বনায়ন’ প্রকল্প গত বছর কোভিড-১৯ মহামারিকালেও স্বাস্থ্যবিধি মেনে ৫০ লাখ গাছের চারা বিতরণ করে। আর ৪১ বছরের এই যাত্রায় এ পর্যন্ত  ১১ কোটি বনজ, ফলদ ও ওষুধি জাতীয় গাছ বিনামূল্যে বিতরণ করেছে বনায়ন। এতে প্রতি বছর ৩০ হাজারের বেশি মানুষ উপকৃত হচ্ছেন। ‘বনায়ন’-এর এই উদ্যোগ জাতিসংঘ প্রণিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি-১৩)  ‘ক্লাইমেট অ্যাকশন’ এবং (এসডিজি-১৫) ‘লাইফ অন ল্যান্ড’ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সহযোগী  হিসেবে কাজ করছে। বনায়ন-এর কর্মকাণ্ড আরো ত্বরান্বিত করতে প্রকল্পটির সহযোগী ও অংশীদার হিসেবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার-আরআরআরসি, রাজশাহী সিটি করপোরেশন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ বেশ কিছু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সবুজায়নের বিস্তৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অবদান রাখায় ‘বনায়ন’ ইতিমধ্যে দেশে-বিদেশে অসংখ্য স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে। এর মধ্যে চারবার প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার এবং একবার প্রধান উপদেষ্টার জাতীয় পুরস্কার লাভ বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও রয়েছে, গ্রিন লিডারশিপ বা সবুজ নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এন্টারপ্রাইজ এশিয়ার কাছ থেকে ‘এশিয়া রেসপন্সিবল এন্ট্রাপ্রেনিওরশিপ অ্যাওয়ার্ড’ অর্জন ও এসডিজি অন্তর্ভুক্তিকরণ ক্যাটাগরিতে ‘বাংলাদেশ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তি। পাশাপাশি ‘বনায়ন’ প্রকল্প প্রতি বছর জেলা ও উপজেলাভিত্তিক ২০টির বেশি পুরস্কার লাভ করে আসছে।