জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অফিস সূত্র জানায়, প্রথমে উপজেলার ১২টি ইউনিয়নে হতদরিদ্র ৯৬০ জন মাকে দুই বছরের জন্য জনপ্রতি প্রতি মাসে ৫০০ টাকা হারে ভাতা প্রদানের জন্য নির্বাচন করা হয়। পরে অতিরিক্ত আরো এক বছরের জন্য ভাতার মেয়াদ বৃদ্ধি করে জনপ্রতি ৫০০ টাকার স্থলে প্রতি মাসে ৮০০ টাকা ভাতা প্রদানের নির্দেশ দেওয়া হয়। তবে ভুক্তভোগীদের অভিযোগ, তারা প্রতি মাসে ৫০০ টাকা করে গত দুই বছর ১২ হাজার টাকা ভাতা উত্তোলন করেছেন। তাদের আরো এক বছর প্রতি মাসে ৮০০ টাকা করে পাওয়ার কথা। কিন্তু সোনালী ব্যাংক ইসলামপুর শাখায় তাদের ভাতার টাকা উত্তোলন করতে গেলে ব্যাংক কর্তৃপক্ষ তাদের অ্যাকাউন্টে কোনো টাকা নেই বলে জানিয়ে দেন।
ভাতাভোগী ফরিদা, মর্জিনা, হাজেরা, শাহানা, অমিছা, রত্না, শাহিদা, লিমা, আসমা, সাদিয়া, মিনা, শিরিনা, মমতা, রেবেকা, হালিমা, মোছা. নুরী ও করিমন বেগম এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল ভুক্তভোগীদের অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে সংশ্লিষ্ট ব্যাংকে খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর ৯৬০ জন মাকে সঠিকভাবে ভাতা বিতরণ করা হলেও শেষ বছরের ৮০০ টাকা হিসেবে ৪৫৮ জন উপকারভোগীর ব্যাংক হিসাব থেকে টাকা গায়েব হয়ে গেছে। এ বিষয়ে জানলে চাইলে ব্যাংক ম্যানেজার রবিউল ইসলাম বলেন, মহিলাবিষয়ক অফিসের লোকজন ভাতাভোগীদের শনাক্ত করায় টাকা বিতরণ করা হয়ে গেছে। মহিলাবিষয়ক কর্মকর্তা কামরুন্নাহার বলেন, এ বিষয়ে আমি একটি প্রতিবেদন দাখিল করেছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম বলেন, আমি অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলাম। তিনি প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।
