২০২১-২২ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সমালোচনা বিএনপির অন্ধ বিদ্বেষপ্রসূত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তিনি বলেন, ‘বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধ বিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী। করোনাকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগবান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে।’
গতকাল শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক বলেন, জেলা ও উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগিগরই শুরু করা হবে। ঢাকা মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম গঠন করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত বিতর্কিতদের সদস্য করা যাবে না। এমন কাউকে সদস্য করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, যেসব সাংগঠনিক শাখার সম্মেলন হয়েছে, নিয়মিত কমিটি রয়েছে সেগুলোতে সদস্য সংগ্রহ বই দেওয়া শুরু করব। করোনা কবে শেষ হবে, কেউ জানে না। এর মধ্যে বাঁচতে শিখতে হবে। সংগঠনও চালিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকাসক্ত এই ধরনের লোক এবং যারা স্বাধীনতাবিরোধী অপশক্তি, এদের কোনোভাবে আওয়ামী লীগের সদস্য করা যাবে না। কাউকে খুশি ও দলভারী করার জন্য কেউ যদি বিতর্কিত লোকদের টেনে আনেন, তাহলে তাকেও কিন্তু শাস্তির আওতায় আনতে হবে। যাদের সদস্য পদ দিবেন, তাদের পরিচয়, ব্যাকগ্রাউন্ড পুরোপুরি জানতে হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
