গত দুই দিনে দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে অন্তত ১০ জনের মৃত্যু ঘটেছে। এদের মধ্যে ৯ জনই মারা গেছেন গতকাল শুক্রবার।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই মারা যান তারা। মৃতরা হলেন—সুন্দরপুর ইউনিয়নের পাঁচরশিয়া গ্রামের সাজেমানের মেয়ে অ্যানি (২৬) ও তার শিশুপুত্র নূর মোহাম্মদ (৫) এবং পার্শ্ববর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নের টিককলীরচর গ্রামের মতিনের ছেলে ইয়াসিন আরাফাত (১০)।
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, গতকাল বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকীহারা গ্রামে পৃথক স্থানে বজ্রপাতে তিন জন মারা গেছেন। মৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার পূর্ব কলকীহারা গ্রামের মফিজল হকের ছেলে হরবাদশা (৫০), আব্দুল খালেকের স্ত্রী আকিজা বেগম (৩০) ও ভাটি কলকিহারা গ্রামের কালা মিয়ার ছেলে খলিলুর রহমান (৫৫)। একই সময় বজ্রপাতে দুইটি গরুও মারা যায়।
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় বজ্রপাতে আশা মনি (৭) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে এবং সেলিনা (৫০) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ভবানীপুর গ্রামে শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। আশা মনি ঐ গ্রামের আব্দুল আলীর মেয়ে ও সেলিনা একই গ্রামের মোতালেবের স্ত্রী।
বাগেরহাট প্রতিনিধি ও শরণখোলা সংবাদদাতা জানান, শরণখোলায় বজ্রপাতে আবু বকর খান (২৮) নামে এক কৃষক মারা গেছেন। শুক্রবার বিকালে উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মৃত আবু বকর খান কোরআনে হাফেজ ছিলেন।
পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা জানান, বৃহস্পতিবার বিকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ছোটমানিক গ্রামে বজ্রপাতে মো. ফারুক (৪৫) নামের এক কৃষক মারা গেছেন।
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা জানান, জামালপুরের মেলান্দহে গতকাল বজ্রপাতে তাজেল মণ্ডল (৩৭) নামে এক ব্যক্তি মারা গেছেন এবং তার ছোট ভাই তাছির উদ্দিন মণ্ডল (৩৫) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা ঘোষেরপাড়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।
জামালপুর প্রতিনিধি জানান, গতকাল সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের গামারিয়া গ্রামে রানা মিয়া (১৮) নামের এক নির্মাণশ্রমিক বজ্রপাতে মারা গেছেন। এছাড়া জেলার সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নের বাড়ইপটল গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী আঙ্গুরী বেগম (৪৫) নামে একজন গৃহবধূ বৃষ্টিপাতের সময় বজ্রপাতে মারা গেছেন।
