বেলারুশে আটক সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িতে থাকার অভিযোগ স্বীকার করে নিতে বাধ্য করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার। গত ২৩ মে গ্রিস থেকে লিথুনিয়াগামী রায়ানএয়ারের একটি উড়োজাহাজে বোমা আছে এমন ভয় দেখিয়ে সেটিকে ঘুরিয়ে মিনস্কে নামতে বাধ্য করে ভিন্নমতাবলম্বী সাংবাদিক প্রোতেসেভিচ ও তার বান্ধবীকে গ্রেফতার করে বেলারুশ সরকার। বেলারুশ সরকারের এ কাণ্ডে ‘স্তম্ভিত’ পশ্চিমা বিশ্ব একে ‘রাষ্ট্রীয় দস্যুতা’ বলে বর্ণনা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অশ্রুসিক্ত চোখে বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর প্রশংসা করেন প্রোতেসেভিচ। একই সঙ্গে লুকাশেঙ্কোকে উত্খাতে ষড়যন্ত্রে জড়িত থাকার দোষও স্বীকার করেন নেন তিনি। টেলিভিশনে ছেলের এই বক্তব্য দেখে মনে খুবই আঘাত পেয়েছেন জানিয়ে প্রোতেসেভিচের বাবা বলেন, ‘আমি আমার ছেলেকে খুব ভালো করে চিনি। আমার বিশ্বাস, সে কখনো নিজের ইচ্ছায় এ ধরনের কথা বলতে পারে না। তারা তাকে ভেঙ্গে ফেলেছে এবং তাদের যা প্রয়োজন তা বলিয়ে নিচ্ছে।’ —বিবিসি
